দেশে ফের ভূমিকম্প অনুভূত

মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প, যার কম্পন বাংলাদেশেও মৃদুভাবে অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাসহ পর্যটন নগরী কক্সবাজার এবং বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়িতে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি। ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট আর্থকোয়াক ট্র্যাক বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ এবং উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারের মাউলাইক এলাকা থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে দূরত্ব ৪৬২ কিলোমিটার। ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইউটিসি সময় ১৬টা ৫১ মিনিট ৪৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২৩.০৩১ অক্ষাংশ ও ৯৪.৭৪৪ দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার। কম্পনটির কেন্দ্র ছিল মিয়ানমারের মোনইয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং মাওলাইকের প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতায় উৎপত্তি হওয়ায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, চলতি মাসের ৩ ফেব্রুয়ারি রাতেও কক্সবাজার ও আশপাশের এলাকার ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল।