যথেষ্ট সংস্কার হয়েছে, দাবি আসিফ নজরুলের

সংস্কার নিয়ে কিছু মানুষ নেতিবাচক কথা রটালেও যথেষ্ট সংস্কার হয়েছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজে (সিজিএস) রোববার (১৮ জানুয়ারি) এক সংলাপে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।
আইন উপদেষ্টা বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপকের মতো। অনেকের কথা শুনলে মনে হয় কোনো সংস্কারই হয়নি, অথচ যথেষ্ট সংস্কার হয়েছে। কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয়।
তিনি বলেন, মানুষের প্রত্যাশা যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি। তবে পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছি, সেভাবে হয়নি।
আসিফ নজরুল বলেন, শুধু ১০ বছর জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বললে বিচারক হতে পারবেন না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন, সেটা উচ্চ আদালত থেকেই হবে।
তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা আইন করা দরকার, সবই আমরা করেছি। এর ধারাবাহিকতায় রুল অব ল প্রতিষ্ঠায় আরও পাঁচ থেকে ১০ বছর লাগবে।
আইন উপদেষ্টা বলেন, আমরা সংস্কারের পথে এগিয়েছি। নির্বাচিত সরকার এ ধারা ধরে রাখলে জনগণ সংস্কারের সুফল পাবে।