Advertisement

সড়কে প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান

এশিয়া পোস্ট নিউজ
সড়কে প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, সমন্বিত উদ্যোগ এবং জবাবদিহিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্বকালে এ আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

অধিবেশনে সেতুমন্ত্রী বলেন, কেবল শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই যথেষ্ট নয়; সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সড়ক নিরাপত্তা জোরদারে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং নীতিমালা বাস্তবায়নের সামঞ্জস্য নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং সুনির্দিষ্ট জবাবদিহিতার কাঠামোর আওতায় পরিচালিত হতে হবে।

উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী।