এশিয়া পোস্ট কার্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশ ও প্রবাসের পাঠকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় এশিয়া পোস্টের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এশিয়া পোস্ট বাংলাদেশকে পৃথিবীর বুকে উচ্চতম জায়গায় নিয়ে যাবে।
রোববার (২১ জুন) দুপুরে এশিয়া পোস্টের কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই সংবাদমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও নানাবিধ ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারিনি। তবে প্রতিষ্ঠানের সম্পাদকের আমন্ত্রণে এবং নিজের আগ্রহ থেকেই আজ এর কার্যক্রম দেখতে এসেছি। পুরো কার্যালয় এবং সংবাদ পরিবেশনার প্রক্রিয়া ঘুরে দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট।’
তিনি আরও বলেন, ‘এই অল্প সময়ের মধ্যে এশিয়া পোস্ট দেশে ও বিদেশে পাঠক এবং দর্শকদের মাঝে যে জনপ্রিয়তা অর্জন করেছে, তা সত্যিই অতুলনীয় ও অভাবনীয়। এশিয়া পোস্ট শিগগিরই প্রিন্ট মিডিয়া এবং পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করবে, এটাই আমার প্রত্যাশা।’

মীর শাহে আলম আশা প্রকাশ করে বলেন, এশিয়া পোস্ট তার বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের হৃদয় জয় করবে এবং বিশ্বদরবারে বাংলাদেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।
এ সময় সরকারের পক্ষ থেকে এশিয়া পোস্টের এই অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।
সবশেষে তিনি এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদসহ সংশ্লিষ্ট সবার সাফল্য কামনা করেন এবং দেশের উন্নয়নে এই সংবাদমাধ্যমটি সব সময় পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
কার্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সম্পাদকসহ উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটেন।






