আর্জেন্টিনা জিতলে ৪০ হাজার গাছ লাগানোর অঙ্গীকার

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে পরিবেশ রক্ষার উদ্যোগের সঙ্গে যুক্ত করেছেন নোয়াখালীর সুবর্ণচরের আর্জেন্টিনা সমর্থকেরা। দলটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে দেশজুড়ে ৪০ হাজার গাছ রোপণের ঘোষণা দিয়েছেন তারা। ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’ নামে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে তারা সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময় প্রায় ২০০ জন আর্জেন্টিনা সমর্থকের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে শনিবার (২০ জুন) বিকেলে সুবর্ণচর উপজেলার গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল দলের দুই শতাধিক সমর্থকের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের এক হাজার চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ। বক্তব্য দেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ডিরেক্টর মো. নুর নবী।
উদ্যোক্তারা জানান, বিশ্বকাপকে ঘিরে তরুণদের মধ্যে তৈরি হওয়া ইতিবাচক উদ্দীপনাকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে কাজে লাগানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা মনে করেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে।
কর্মসূচিতে ৫০ প্রজাতির এক হাজার চারা বিতরণ করা হয়। এর মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, বক্স বাদাম, শজনে, জারুল, কৃষ্ণচূড়া, অর্জুন, আমলকী, ডালিম, বেল ও নিমসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ। সংগঠনের নিয়ম অনুযায়ী, একজন সমর্থক সর্বোচ্চ ১০টি চারা সংগ্রহ করতে পারেন।
চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ বলেন, আমরা শুধু বিশ্বকাপকে কেন্দ্র করে নয়, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করি। আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, তাহলে আমাদের সংগঠনের উদ্যোগে দেশজুড়ে আরও ৪০ হাজার গাছ রোপণ করা হবে।







