logo

ওয়েবসাইট ব্যবস্থাপনায় নিরাপত্তা ঝুঁকি শনাক্ত

ওয়েবসাইট ব্যবস্থাপনায় নিরাপত্তা ঝুঁকি শনাক্ত

ওয়েবসাইট ব্যবস্থাপনায় বৈশ্বিক নিরাপত্তাজনিত ঝুঁকি শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের ‘সি-প্যানেল’ এবং ‘ওয়েব হোস্টিং ম্যানেজমেন্ট ডব্লিউএইচএম’-এ শনাক্তকৃত ঝুঁকিটি হলো ‘সিভিই-২০২৬-৪১৯৪০’। এই ঝুঁকির ফলে বিশ্বের অনেক সার্ভার এই মুহুর্তে ডাউন রয়েছে। 

শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স এলায়েন্স (বিডিএইচপিএ)।
 
বিডিএইচপিএ’র যুগ্ম আহ্বায়ক শাকিল আরেফিন স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি প্রকাশের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে এবং বিডিএইচপিএ’র সদস্যভুক্ত হোস্টিং প্রতিষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এজন্য সাময়িকভাবে ওয়েবসাইট ব্যবহার এবং ব্যবস্থাপনায় কিছু সমস্যার সম্মুখী হতে হবে উল্লেখ করে এলায়ান্সের পক্ষ থেকে আরও বলা হয়, বর্তমানে বিভিন্ন সার্ভারে ‘সিকিউরিটি প্যাচ’, ‘মনিটরিং’ এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যক্রম চলমান রয়েছে। এ কারণে কিছু গ্রাহক সাময়িকভাবে ‘সি-প্যানেল বা ডব্লিউএইচএম লগ-ইন এ অতিরিক্ত সময়’, ‘সেবা ব্যাহত’, ‘ইমেইল আদান প্রদানে দেরি হওয়া’ অথবা ওয়েবসাইটে প্রবেশাধিকারের মতো অস্থায়ী সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।

গ্রাহকদেরকে আশ্বস্ত করে সংগঠনটি বলছে, এসব পদক্ষেপ সম্পূর্ণভাবে নিরাপত্তা জোরদার ও গ্রাহকদের তথ্য সুরক্ষার স্বার্থে গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাংলাদেশের হোস্টিং ইন্ডাস্ট্রির  গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিডিএইচপিএ সদস্য প্রতিষ্ঠানসমূহ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।