মোবাইল গ্রাহকদের স্বস্তি দিতে উদ্যোগ নিচ্ছে সরকার

মোবাইল গ্রাহকদের স্বস্তি দিতে আসন্ন বাজেটে শুল্কহার কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। একইসঙ্গে গ্রাহকদের আরও সুবিধা দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীতে তিন দিনব্যাপী ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, টেলিকম খাতে করের চাপের প্রভাব সরাসরি গ্রাহকের ওপর পড়ে। একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে ৬২ টাকার সেবা পান। বাকি ৩৮ টাকা কর হিসেবে চলে যায়। এ জায়গায় শুল্ক কমিয়ে মোবাইল গ্রাহকদের স্বস্তি দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি বলেন, টেলিকম খাতের উন্নয়ন বিশেষ করে সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি মেনে শিগগিরই একটিভ শেয়ারিংয়ের সুযোগ দেওয়া হবে।
রেহান আসিফ আসাদ বলেন, ডিজিটাল অর্থনীতির ভিত্তি হলো শক্তিশালী সংযোগব্যবস্থা। সেজন্য আগামী পাঁচ বছরে সরকারের আইসিটি খাতের উন্নয়ন তিনটি মূল স্তম্ভের ওপর নির্ভর করবে—কানেক্টিভিটি, নাগরিকের ডিজিটাল পরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সেবা। এর মধ্যে ‘এক নাগরিক, এক ডিজিটাল আইডি’ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি নাগরিক একটি একক ডিজিটাল পরিচয়ের আওতায় আসে।
তিনি বলেন, ভবিষ্যতে প্রতিটি নাগরিকের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে, যেখানে পরিচয়, আর্থিক লেনদেন ও বিভিন্ন সরকারি সেবা একসঙ্গে পাওয়া যাবে।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, বর্তমানে আইসিটি ও টেলিকম খাত থেকে দেশের জিডিপিতে দুই থেকে চার শতাংশ অবদান আসছে, যা ভবিষ্যতে ১০ থেকে ১৫ শতাংশে উন্নীত করা সম্ভব। এজন্য সরকার, বেসরকারি খাত ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।