logo
Advertisement

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এশিয়া পোস্ট ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
এশিয়া পোস্ট গ্রাফিক্স।

‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে ৪ আগস্ট (মঙ্গলবার) এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।

Advertisement

বুধবার (৫ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের সই করা এক প্রতিবাদলিপি পাঠানো হয়।

প্রতিবাদলিপিতে তারা বলেন, ‘সোমবার (৪ আগস্ট) ২০২৬ তারিখে এশিয়া পোস্ট পত্রিকায় ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। প্রতিবেদনটিতে কিছু বিচ্ছিন্ন স্ক্রিনশট ব্যবহার করে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশনের মাধ্যমে শিক্ষকদের ভীতসন্ত্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’

তারা বলেন, ‘প্রকৃতপক্ষে, “বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ” মহান মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আইন প্রয়োগকারী সংস্থাকে লিখিতভাবে অবহিত করে গত ১ মার্চ ২০২৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম শুরু করে।’

‘দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত, সাময়িকভাবে বরখাস্ত, বয়কটের শিকার এবং বিভিন্ন ধরনের একাডেমিক শাস্তির মুখোমুখি হওয়া শত শত শিক্ষকের সাংবিধানিক অধিকার, ন্যায়বিচার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সুষ্ঠু, স্বাভাবিক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক একাডেমিক পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা, গবেষণা ও মুক্তবুদ্ধি চর্চার অনুকূল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনটি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছে।’

সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা দেশের সকল শিক্ষকসমাজকে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে উদ্বিগ্ন না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার এই দীপ্ত যাত্রায় আপনাদের গঠনমূলক মতামত, পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি। সকলের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টাতেই একটি ন্যায়ভিত্তিক, মর্যাদাপূর্ণ ও সুস্থ একাডেমিক পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব।’

আহ্বান জানিয়ে তারা বলেন, ‘একই সঙ্গে এশিয়া পোস্ট কর্তৃপক্ষকে আমাদের প্রতিবাদলিপি ছাপানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সংগঠনের গঠনমূলক কর্মকাণ্ডে সহযোগিতা কামনা করছি।’