আবু সাঈদ হত্যা মামলায় কার কী সাজা

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
কার কী সাজা
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশীদ ওরফে বাচ্চুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান ওরফে বেল্টুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন ওরফে টিটুকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী ওরফে সুমনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড।
সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবনকে যাবজ্জীবন কারাদণ্ড, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ওরফে নয়নকে যাবজ্জীবন কারাদণ্ড, এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধবকে যাবজ্জীবন কারাদণ্ড, এএসআই (সশস্ত্র) আমির হোসেনকে মৃত্যুদণ্ড, কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড।
বেরোবির প্রক্টর শরীফুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড।
বেরোবির শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীমকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির শাখা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বী ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির শাখা ছাত্রলীগের সহসভাপতি আখতার হোসেনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদ ওরফে আরিফকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার ওরফে টগরকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী ওরফে আকাশ ওরফে দিশাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ওরফে মাসুদকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড।
এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডলকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির নিরাপত্তা প্রহরী নূর আলম মিয়াকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবুকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, এমএলএসএস এ কে এম আমির হোসেন ওরফে আমুকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, বেরোবির প্রক্টর অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ ওরফে আপেলকে ইতোমধ্যে খাটা হাজতবাসই দণ্ড, রংপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি সারোয়ার হোসেন ওরফে চন্দনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড।