logo

প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন। এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানা গেছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাপান সফর। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: স্টার নিউজ