logo
Advertisement

বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগাতে চায় ফিলিপাইন

এশিয়া পোস্ট প্রতিবেদক
বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগাতে চায় ফিলিপাইন
সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট। ছবি: এশিয়া পোস্ট

দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের প্রায় ১৫০টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। ওষুধশিল্পের এই সক্ষমতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছে ফিলিপাইন।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট তার দেশের এই আগ্রহের কথা জানান।

কুশল বিনিময়ের পর বৈঠকে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়টিও গুরুত্ব পায়।

ফিলিপাইনের রাষ্ট্রদূত জানান, তাদের দেশের মোট ওষুধের ৬৭ শতাংশ পশ্চিমা দেশ থেকে আমদানি করতে হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও জনসম্পর্ক আরও জোরদার করতে ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত।

এ সময় স্বাস্থ্য খাতের সংস্কারে অত্যাধুনিক যন্ত্রপাতির সংযুক্তি আনা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করে দেশের সব স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার।