সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মনি। সোমবার (২ মার্চ) সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। ২ মার্চ থেকে এ আদেশ কার্যকর হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
জাতীয় সংসদের শৃঙ্খলা রক্ষা, দলীয় সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সংসদীয় কার্যক্রমে সমন্বয় সাধনে চিফ হুইপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদে নুরুল ইসলাম মনির এ নিয়োগ সংসদীয় কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বরগুনার মানুষ।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হওয়ায় বরগুনার সাধারণ মানুষ আনন্দিত। পাশাপাশি তার এ দায়িত্ব পালনের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি সঞ্চার হবে।