এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধন নিয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক বা উপপরিচালক বা পরিচালকরা জন্মতারিখ ও মা-বাবার নাম সংশোধন আবেদন নিষ্পত্তি করতে পারবেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিক এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়।
'অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক বা সমমান শিক্ষা সনদের ভিত্তিতে জন্ম তারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক বা উপপরিচালক বা পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন। শিক্ষাসনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি/দলিলাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান এসওপি [২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন নং ১৭,০০,০০০০. ০৬৪.২২.০৪৫.১৯ (অংশ-১)-৩০৫১] অনুসরণ করতে হবে।’
সংশোধনের আবেদন ইলেকট্রনিকালি অনুমোদন/বাতিলের ক্ষেত্রে সিএমএস-এ আবশ্যিকভাবে নোট দিতে হবে বলে জানানো হয়।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীন কর্মকর্তাগণ কর্তৃক সম্পন্ন করা কার্যক্রম মনিটরিং করবেন এবং দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম ৩টি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা সংযুক্ত ছকে প্রতিবেদন প্রস্তুতপূর্বক পরিচালকের (অপারেশন্স) ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাবেন।
আরও বলা হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে, জন্ম তারিখ সংশোধনের আবেদন এবং জন্ম তারিখসহ নিজ নাম ও পিতা/মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনসংক্রান্ত আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে। জন্মতারিখ, নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধন করা যাবে না।
এ পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইসির নতুন এই নির্দেশনার ফলে সাধারণ নাগরিকদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



