logo
Advertisement

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক গ্রেপ্তার
বিদিশা সিদ্দিক। ছবি: বিদিশা সিদ্দিকের ফেসবুক পেজ থেকে নেওয়া।

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী (সাবেক) বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এশিয়া পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, একটি প্রতারণা মামলায় উনার ২ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

৫৫ বছরের বিদিশা সিদ্দিক ১৯৭১ সালে খুলনার বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ‘দীনা’। তার বাবা ছিলেন কবি আবুবকর সিদ্দিক। ১৯৯৮ সালের ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বিদিশার প্রথম পরিচয় হয়। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরে শাহাতা জারাব এরশাদ (এরিক) নামে এক পুত্রসন্তান রয়েছে।

২০০৫ সালের জুন মাসে তাদের সম্পর্কে অবনতি ঘটলে হুসেইন মোহাম্মদ এরশাদ বিদিশাকে তালাক দেন। বিচ্ছেদের পর তাদের মধ্যে একমাত্র ছেলে এরিকের হেফাজত (কাস্টডি) নিয়ে আইনি ও পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়। ২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর শোক প্রকাশ করেন বিদিশা।

হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বিচ্ছেদের পর তাদের সম্পর্কের টানাপোড়েন এবং ব্যক্তিগত জীবন বিভিন্ন সময় গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। বিদিশা ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামক একটি আত্মজীবনীমূলক গ্রন্থও রচনা করেন তিনি।