logo

দুর্গোৎসবে নিরাপত্তায় আনসার বাহিনীর প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত

দুর্গোৎসবে নিরাপত্তায় আনসার বাহিনীর প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত
সারাদেশে পুজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করেন আনসার ভিডিপি’র সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এবছর সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন ধারা সৃষ্টি করেছে আনসার বাহিনী। ‘শারদীয় সুরক্ষা অ্যাপ ’-এর মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা কার্যক্রম পরিচালনা বিশেষ গুরুত্ব বহন করেছে বলে জানিয়েছে সংস্থাটি। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’এর মাধ্যমে এবার ৬৬ হাজার ৩৩০ জন নারী আনসার-ভিডিপি সদস্য (End User) হিসেবে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (২২ অক্টোবর) এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পূজামণ্ডপ থেকে কোনো ঘটনা বা দুর্ঘটনার তথ্য তারা তাৎক্ষণিকভাবে অ্যাপে রিপোর্ট করেন। এর ফলে বিশৃঙ্খলা, উসকানি, গুজব ও সংঘটিত অপরাধ প্রতিরোধে পূজা উদযাপন কমিটি, পুলিশ, স্থানীয় প্রশাসন, এসআরবি ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সমস্যার সমাধান সহজ হয়।

এছাড়া, এভিএমআইএস (AVMIS) সফটওয়্যারের মাধ্যমে সঠিক সদস্য নির্বাচন ও এসটিডিএমএস (STDMS) সফটওয়্যারের মাধ্যমে সুশৃঙ্খলভাবে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি। প্রযুক্তির ব্যবহারের ফলে জবাবদিহি এবং দায়িত্ব পালনে সদস্যদের মানসিকতার পরিবর্তনকে চলমান সংস্কার ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন, মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মহাপরিচালকের দিকনির্দেশনা বাস্তবায়নে বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুম ও মিডিয়া শাখা থেকে শুরু করে রেঞ্জ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং মাঠপর্যায়ের সদস্য-সদস্যাদের সমন্বিত তৎপরতা দুর্গোৎসবের নিরাপত্তা কার্যক্রমকে সুসংহত ও গতিশীল করেছে।

প্রযুক্তিনির্ভর নজরদারি, স্বচ্ছ জনবল নির্বাচন, সুশৃঙ্খল মোতায়েন এবং মাঠপর্যায়ের তাৎক্ষণিক সাড়াদানের সমন্বয়ে গড়ে ওঠা এ নিরাপত্তাব্যবস্থা ভবিষ্যতের রাষ্ট্রীয় অনুষ্ঠান, বিশেষত আসন্ন নির্বাচনসহ বৃহৎ জনসমাগমপূর্ণ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।