রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ফিরলেন সরওয়ার আলম

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে এক বছরের জন্য নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের প্রেস সচিব নিয়োগ পেয়েছিলেন সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পরে তাকে সরিয়ে দেয়।
সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন। তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিবের (জনসংযোগ) দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) ছিলেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (যুগ্মসচিব) থাকার সময় তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।