logo

নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন
ফাইল ছবি

নিরাপত্তা জোরদার করতে সীমান্তবর্তী ১১ জেলায় এবার আনসার মোতায়েন করা হয়েছে। বিজিবি সঙ্গে সমন্বিতভাবে তারা সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করবেন।

রোববার (৭ জুন) দিবাগত রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। যা সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর করেছে।

ওই সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।

আশিকউজ্জামান বলেন, বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলায়— চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি-উপজেলা/থানা আনসার ও ভিডিপি/টিডিপি সদস্য-সদস্যদের ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে। যার ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে বলেও জানান আনসার কর্মকর্তা আশিকউজ্জামান।