logo

ভারী বৃষ্টির কারণে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ

ভারী বৃষ্টির কারণে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ভোরেই এক দফা বৃষ্টি হয় ঢাকায়। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। বেলা বাড়লেও ধীরে ধীরে কমে আসে দিনের স্বাভাবিক আলো। এরপর শুরু হয় বজ্রসহ ভারী বৃষ্টি।

বৈরী আবহাওয়া, হঠাৎ ঝোড়ো হাওয়া এবং দফায় দফায় ভারী বৃষ্টি উপেক্ষা করেই নাড়ির টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে হাজারো মানুষ। ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ার পর থেকেই দেশের দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগের প্রধানতম মাধ্যম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বৃষ্টির কারণে সঙ্গে থাকা ভারী ব্যাগ-লাগেজ এবং ছোট ছোট ছেলেমেয়ে ও পরিবার-পরিজন নিয়ে ঘাটে পৌঁছাতে যাত্রীদের চরম বেগ পেতে হয়েছে।

দক্ষিণাঞ্চলের একাধিক লঞ্চের যাত্রীরা বলেন, ঝড়-বৃষ্টির কারণে রাস্তা-ঘাটে কিছুটা ভোগান্তি হলেও পরিবারের সঙ্গে একসঙ্গে গ্রামে ঈদ করার আনন্দের কাছে এসব কষ্ট কিছুই না।

এদিকে আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করায় নৌপথে চলাচলে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নৌপথের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল ও পন্টুন এলাকায় নৌপুলিশ, কোস্ট গার্ড, র‍্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রীবহন রোধে নিয়মিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশেষ টহল দল নিরলসভাবে কাজ করছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছেড়েছে অনেকেই। কিন্তু যারা এখনও কাজের ব্যস্ততায় রাজধানী রয়েছেন তারা এই বৃষ্টির মধ্যে পড়েছে বিপাকে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট।

রাজধানীর নিউমার্কেট, মিরপুর, মালিবাগ, মৌচাক, বাড্ডা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। হঠাৎ এমন আবহাওয়ায় ছাতা ছাড়া বের হওয়া মানুষ পড়েন চরম বিপাকে। অনেককে দোকানপাট ও ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।