logo

ভাতা বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের, জুলাই যোদ্ধাদেরও বহাল

ভাতা বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের, জুলাই যোদ্ধাদেরও বহাল
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত এই বাজেটে অপরিবর্তিত থাকছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা। তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

২০২৬-২৭ বাজেট অনুযায়ী সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে বীরশ্রেষ্ঠদের ৪০ হাজার টাকা, বীর উত্তম ৩০ হাজার টাকা, বীর বিক্রম ২৫ হাজার টাকা এবং বীর প্রতীক ২৫ হাজার টাকা করার কথা বলা হয়েছে।

এই বাজেটে ২০২৪ সালের জুলাইযোদ্ধাদের ভাতা বহাল রেখেছে বর্তমান বিএনপি সরকার।

বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।

এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হয়েছে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।

সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এবারের বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।