logo

যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী

যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী

বিশেষ কোনো প্রয়োজন ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি বাসভন যমুনায় আপাতত উঠছেন না। তিনি গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে যমুনা পরিদর্শন শেষে এসব মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখনই সরকারে বা বিরোধী দলে ছিলেন, তারা সরকারি বরাদ্দ করা বাসায় ওঠেননি। বাবা-মায়ের মতোই বর্তমান প্রধানমন্ত্রীও একই ধারা বজায় রাখবেন।

আতিকুর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতরে সকাল ৮টায় জাতীয় ঈদগাহে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ঈদের নামাজ আদায় শেষে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সকাল ১০টা থেকে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।

ঈদযাত্রায় যানজট ও কয়েকটি দুর্ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব বলেন, অন্যান্য সময়ের তুলনায় ছোটখাটো কিছু দুর্ঘটনা ছাড়া এবার অনেক বড় কোনো কিছু ঘটেনি।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কারকাজ শেষ হলে সেটিকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সেই অনুযায়ী ভবনটিকে প্রস্তুত করা হয়েছে।