logo

সড়ক দুর্ঘটনা রোধে ২৮০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার: সেতুমন্ত্রী

সড়ক দুর্ঘটনা রোধে ২৮০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার: সেতুমন্ত্রী
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: এশিয়া পোস্ট

সড়ক দুর্ঘটনা কমাতে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (১৭ মে) রাজবাড়ীতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, চোখ ও রক্তচাপ পরীক্ষা এবং মাদকাসক্তি শনাক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পাশাপাশি জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৬২ জনের জন্য ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজনে এ অনুষ্ঠান হয়।