সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, উঠছে ১৭ প্রকল্প

চলতি অর্থবছরের ১০ম এবং বর্তমান সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ (রোববার) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উঠতে যাচ্ছে। যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প উত্থাপন করা হবে।
এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। তবে সেদিনের বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আটটি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রেওয়াজ থাকলেও এবার তা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রথম বৈঠকটি হয়। দ্বিতীয় বৈঠকটিও সেখানে হওয়ার কথা রয়েছে।