logo

সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগি-সবজির দাম

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগি-সবজির দাম
সপ্তাহের ব্যবধানে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। শুক্রবার সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

রাজধানীর কাঁচাবাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। কাঁচামরিচ থেকে শুরু করে মুরগি, ডিম ও মাছ- সব পণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। রাজধানীর হাতিরপুল, পলাশী ও ফকিরাপুল কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। তবে স্থানভেদে দামের কিছুটা কমবেশি রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সবজির বাজারে টমেটো ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। অর্থ্যাৎ এক সপ্তাহে বেড়েছে ১২০ টাকা। ১২০ টাকার কাঁচামরিচ ঠেকেছে ১৬০ টাকায়। শসা কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ টাকায়, শিম ১৮০ টাকায় এবং গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পটল, চিচিঙ্গা, করলা ও ঢেঁড়সের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৮০ টাকায় দাঁড়িয়েছে। তবে লাউয়ের দাম কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা ছিল ৭৫ থেকে ৮০ টাকা। বেগুন ১২০-১৪০ টাকা, আলু, পেঁপে ৩০ টাকা এবং পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সব ধরনের শাকের দাম অপরিবর্তিত রয়েছে।

মাংসের বাজারে কিছুটা স্বস্তির ফিরেছে। গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা কমে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খাসির মাংস আগের মতোই ১৩০০ টাকা।

এদিকে মুরগির বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রয়লার মুরগি ১৮০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা, দেশি মুরগি ৬০০ থেকে ৭০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজারও বেশ চড়া। লাল ডিমের হালি ৫২ টাকা, সাদা ডিম ৫০ টাকা এবং দেশি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

বড় রুই মাছের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে কেজি প্রতি ১০০-১২০ টাকা। ৩২০-৪০০ টাকার রুই বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায়। এ ছাড়া অন্যান্য মাছের দাম অপরিবর্তিত থাকলেও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। কোরাল ৯৫০-১১০০, টেংরা ১০৫০, পাবদা ৫০০-৬৫০ এবং ইলিশ আকারভেদে ১১০০-২২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ফকিরাপুল কাঁচাবাজারে বাজার করতে আসা রিকশাচালক আবুল কালাম বলেন, ‘ডাল-ভাত খাইয়া (খেয়ে) কোনো মতে চলন লাগে (চলতে হয়)। আমাদের মতো মানুষরা বড় অসুবিধায় আছে। ৫০০ টাকা কামাই করলে বাজারে গেলে এক কেজি চাউল কিনন (কিনতে) লাগে ৭০-৮০ টাকা। এক কেজি মাছ কিনন (কিনতে) লাগে ২৫০-৩০০ টাকা। তরকারি ৮০ থেকে ৯০ টাকা কেজি। যে পরিস্থিতি আরম্ভ অইছে (হয়েছে), আমরা তো অহন (এখন) ডাইল-ভাতও খাবার পাওন নাই (পাই না)।’

ফকিরাপুল কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কাছে দাম বাড়তির কারণ জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘পরিবহন খরচ বেড়েছে। আড়তদারদের সিন্ডিকেটের কারণেও প্রতি সপ্তাহে পণ্যের দাম বাড়ছে।’

হাতিরপুল কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ী (দরবার ট্রেডার্স) লাল মিয়া এশিয়া পোস্টকে বলেন, ‘আমদানি কম থাকায় গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে। পরিবহন খরচ বাড়ার পরও আগে দাম কিছুটা কম ছিল, কিন্তু এখন বাড়তি। তবে বাজারে ক্রেতার সংখ্যাও কমে গেছে।’