logo

স্বর্ণের দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকার বেশি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

আজ বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।

এর আগে গত ৬ জুন স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি ২০২৬ বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৭ বার, আর কমানো হয়েছে ৩৫ বার। এর আগে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং কমেছিল ২৯ বার।

কমেছে রুপার দামও

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ৪৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার দাম বেড়েছে ও ২১ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার।