logo

নতুন গভর্নর নিয়োগের খবরে বাংলাদেশ ব্যাংক ছাড়লেন আহসান এইচ মনসুর

নতুন গভর্নর নিয়োগের খবরে বাংলাদেশ ব্যাংক ছাড়লেন আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ চূড়ান্ত—এমন সংবাদে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেছেন বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে কথা না বলেই অফিস ত্যাগ করেন তিনি। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি পদত্যাগ করিনি, তবে নতুন গভর্নর নিয়োগের খবর শুনেছি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ে উপস্থিত হলেও হঠাৎ নতুন গভর্নর নিয়োগের খবর ছড়িয়ে পড়ে। এরপরই তিনি বাংলাদেশ ব্যাংক কার্যালয় ত্যাগ করেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

গুঞ্জন রয়েছে মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য ও হিরা সোয়েটারের মালিক।

তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা বাংলাদেশ ব্যাংকের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে গভর্নরের পদ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।