কর্মসূচি ঘোষণা করে ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দু’পক্ষ

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেওয়া ‘সচেতন গ্রাহক ফোরাম’ ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজকের মতো কর্মসূচি শেষ করে সরে গেছেন। তবে আগামীকাল সোমবার আবারও অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছেন দুপক্ষই।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়।
গ্রাহক ফোরাম ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, সুশাসন নিশ্চিত করা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবি জানায়। অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নেন।
দুপুর ১টার দিকে উভয় পক্ষ নিজ নিজ কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করে। এ সময় ব্যাংক পাড়ায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এর আগে সকাল থেকে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থান ঘিরে চরম উত্তেজনা দেখা দেয়। এ সময় পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘সচেতন গ্রাহক ফোরামের’ পক্ষ থেকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত ব্যাংক প্রতিষ্ঠা, এস আলমের সময় নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল এবং যোগ্য পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ বিভিন্ন দাবি জানানো হয়। অন্যদিকে, অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ জানান, যেকোনো আন্দোলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এবং জনদুর্ভোগ এড়াতে নির্দিষ্ট বা উপযুক্ত স্থানে করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে ইসলামী ব্যাংককেন্দ্রিক এ কর্মসূচির সঙ্গে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো কর্মসূচির সংশ্লিষ্টতার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি।


