logo

মনসুরের বিদায় নিয়ে অর্থমন্ত্রী বললেন, কিছুই বলার নেই

মনসুরের বিদায় নিয়ে অর্থমন্ত্রী বললেন, কিছুই বলার নেই

বিক্ষোভ ও প্রতিবাদের মুখে গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরের বিদায় সম্পর্কে ‘কিছুই বলার নেই’ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান যে, এভাবে আহসান এইচ মনসুরের বিদায় ঠিক হলো কি না, জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

বিকেল সাড়ে ৩টার দিকে নতুন গভর্নর অর্থমন্ত্রীর দপ্তরে যান এবং সাড়ে ৪টার দিকে বৈঠক শেষে তারা একসঙ্গে বেরিয়ে আসেন। এ সময় সাংবাদিকরা গভর্নরের বক্তব্য জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য করেননি।

এর আগে দুপুর আড়াইটা থেকে প্রায় এক ঘণ্টা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন নতুন গভর্নর। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কী ধরনের কাজ করে, সে বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে গভর্নরের বিদায় ও নতুন নিয়োগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছুই বলার নেই। গভর্নরকে এভাবে বিদায় দেওয়ার প্রয়োজন ছিল কি না—এমন প্রশ্নের জবাবেও একই কথা বলেন তিনি।

পরে নতুন গভর্নরের সঙ্গে প্রথম দিনের আলোচনায় কী কথা হলো জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নো কমেন্টস।

এরপর মন্ত্রণালয়ের থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে লিফটে উঠে পড়েন আমির খসরু মাহমুদ চৌধুরী।

কেন্দ্রীয় ব্যাংকের একদল কর্মকর্তার বিক্ষোভের মুখে বুধবার দায়িত্ব ছাড়েন সদ্য বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুর। এদিন দুপুর ২টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় এবং ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই প্রথম কোনো ব্যবসায়ী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা সমালোচনা চলছে।