logo

ইরান যুদ্ধ শেষের ইঙ্গিতে এশিয়ার শেয়ারবাজারে বড় উত্থান

ইরান যুদ্ধ শেষের ইঙ্গিতে এশিয়ার শেয়ারবাজারে বড় উত্থান

ইরান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে—ট্রাম্পের এমন ইঙ্গিতের পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থানের আভাস দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে রেকর্ড চাঙ্গাভাবের খবরের মধ্যে বুধবার (১ এপ্রিল) এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতেও বড় ধরনের উত্থান দেখা গেছে। গার্ডিয়ান জানায়, বুধবার লেনদেনের শুরুতেই এশিয়ার বাজারগুলোতে ইতিবাচক প্রভাব লক্ষ করা গেছে।

দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক কসপি এক ধাক্কায় ৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে। টোকিওর নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ৪ শতাংশ। তাইওয়ানের তাইএক্স সূচকে দেখা গেছে ৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি। হংকংয়ের হ্যাং সেং সূচক ১ দশমিক ৯ শতাংশ এবং সাংহাই কম্পোজিট ইনডেক্স ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এছাড়া অস্ট্রেলিয়ার মূল সূচক বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ।

শেয়ারবাজারের এই চাঙ্গাভাবের মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্য। ট্রাম্প জানিয়েছেন, ইরানে আমেরিকার সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে।

যুদ্ধের উত্তেজনা প্রশমনের এই ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এর আগে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার গত এক বছরের মধ্যে সবচেয়ে সেরা দিন পার করেছে, যার ইতিবাচক প্রভাব এশিয়ার বাজারগুলোতেও ছড়িয়ে পড়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, যদি যুদ্ধ আসলেই বন্ধ হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে এবং জ্বালানি তেলের বাজারেও অস্থিরতা কমবে।