ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

টাকার সংকট কাটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) সকালে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পরে ইসলামী ব্যাংকের চলতি হিসাবে এই টাকা দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা পাওয়ার পর ইসলামী ব্যাংকে চেক নিষ্পত্তি আবার চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইসলামী ব্যাংকে চেয়ারম্যানসহ পাঁচ পরিচালকই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা। এর মধ্যে পবিত্র ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস ২৪ মে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে ব্যাংকটি ঘিরে আন্দোলন, বিতর্ক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতীয় সংসদেও এ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক ও আলোচনা হয়। তবে কোনো সমাধান আসেনি। ফলে গ্রাহকেরা আতঙ্কিত হয়ে ব্যাংকটি থেকে টাকা তোলার চেষ্টা করে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে সম্প্রতি ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছিল ব্যাংকটি।
ইসলামী ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা জানান, নগদ টাকার চাহিদা বেশি তৈরি হয়েছে। টাকা জমা নেই বললেই চলে, সবাই টাকা তুলতে চাইছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে শাখা বন্ধ রাখা ছাড়া বিকল্প থাকবে না। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যাতে গ্রাহকের আস্থা ফিরে আসে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, ইসলামী ব্যাংকের আমানতকারীদের ভয়ের কিছু নেই। তারা যে কোনো সময় টাকা তুলতে পারবেন। আমরা দ্রুত সে বিষয়ে ব্যবস্থা নেব।
এদিকে আজ রোববার সকালেও চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে অবস্থান কর্মসূচি হয়েছে। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন তারা।



