আবারও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আরও এক দফা কমলো স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ টাকা পর্যন্ত কমিয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। গতকাল বুধবার পর্যন্ত যা বিক্রি হয়েছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ লাখ ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ গত ৬ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৪ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সেই সঙ্গে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৪ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৭ দফা।





