রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

প্রত্যাশার তুলনায় আয়কর রিটার্ন জমা কম হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। এটি তৃতীয় দফা সময়সীমা বৃদ্ধি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হকের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে, দ্বিতীয় দফায় অনলাইনে রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছিল, যা ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী গত বছরের ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল। পরবর্তীতে সময় বৃদ্ধি করে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।
আয়কর আইন অনুযায়ী, ২০২৪-২৫ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের মূল সময়সীমা ছিল নভেম্বর। এনবিআর প্রথমে এক মাস এবং পরে আরও এক মাস সময় বাড়ালেও প্রত্যাশিত সংখ্যক রিটার্ন জমা না পড়ায় আবারও সময় বাড়ানো হলো।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৫ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে জমা পড়া রিটার্নের সংখ্যা ৩৭ লাখের কিছু বেশি।
এদিকে ২৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, ইতোমধ্যে ৪৭ লাখ ব্যক্তি অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।