Advertisement

তড়িঘড়ি আমানত তুলে নেওয়া গ্রাহকদের সুখবর দিল ইসলামী ব্যাংক

এশিয়া পোস্ট ডেস্ক
তড়িঘড়ি আমানত তুলে নেওয়া গ্রাহকদের সুখবর দিল ইসলামী ব্যাংক
ছবি : সংগৃহীত

চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে যেসব গ্রাহক বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) ভেঙেছেন, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক।

ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী সাত কর্মদিবসের মধ্যে হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের খরচ ও আর্থিক ক্ষতি মওকুফ করবে ব্যাংকটি।

সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের এক বিশেষ নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, গত ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে যেসব গ্রাহক MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন এবং এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করতে পারবেন।

আরও বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় এসব গ্রাহকের ক্ষেত্রে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে যে খরচ, চার্জ বা আর্থিক ক্ষতি হয়েছে, তা সম্পূর্ণ মওকুফ করা হবে। এ ছাড়া হিসাবগুলোকে নতুন হিসাব হিসেবে নয়, বরং চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে। ফলে গ্রাহকরা আগের আমানতের ধারাবাহিক সুবিধা ফিরে পাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক নানা ঘটনার কারণে কিছু গ্রাহক আতঙ্কিত হয়ে তাদের আমানত তুলে নিয়েছিলেন। ইসলামী ব্যাংকের এমন সিদ্ধান্ত সেসব গ্রাহকের জন্য ইতিবাচক বার্তা। এর মাধ্যমে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার চেষ্টা করা হচ্ছে।

গ্রাহকদের অযথা গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখা ও ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

ইসলামী ব্যাংকের কর্মকর্তা বলছেন, গ্রাহকবান্ধব এই উদ্যোগের ফলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে ক্ষতিগ্রস্ত অনেক গ্রাহক পুনরায় তাদের আমানত হিসাব চালু করতে আগ্রহী হবেন। এতে ব্যাংকের প্রতি তাদের আস্থা আরও বাড়বে।