ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থান, উত্তপ্ত পরিস্থিতি

রাজধানীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ও ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান ও দাবির মুখে ব্যাংক প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থানের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে এস আলমের প্রভাবমুক্ত ব্যাংক প্রতিষ্ঠা, এস আলমের আমলে অবৈধভাবে নিয়োপ্রাপ্তদের নিয়োগ বাতিল এবং নতুন পরিচালনা পর্ষদ গঠনসহ বিভিন্ন দাবি জানানো হয়।
অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বপদে পুনর্বহালের পক্ষে এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।


