logo

ডলার নয়, টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধে সুযোগ

ডলার নয়, টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধে সুযোগ
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: উইকিপিডিয়া

বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলার ব্যবহার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা হিসাব বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের অর্থ টাকায় নিষ্পত্তি করা যাবে। ডলারের ওপর বৈদেশিক বাণিজ্যের নির্ভরতা কমাতে নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন ব্যবস্থায় আমদানিকারকের কাছ থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরে ওই হিসাব থেকেই বাংলাদেশের রপ্তানিকারকের অনুকূলে অর্থ পরিশোধ করা যাবে।

তবে আমদানি বা রপ্তানির এলসি, চুক্তি ও ইনভয়েস আগের মতোই অনুমোদিত বৈদেশিক মুদ্রায় করতে হবে। লেনদেন নিষ্পত্তির সময় প্রচলিত বিনিময় হার অনুযায়ী সেই বৈদেশিক মুদ্রার অর্থ টাকায় রূপান্তর করা যাবে।

এদিকে টাকায় রপ্তানি আয় গ্রহণকারী রপ্তানিকারকরা চাইলে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষিত অর্থ কাঁচামাল আমদানি, রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ পরিশোধসহ অনুমোদিত বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে।

ভোস্ট্রো হিসাবে জমা থাকা অতিরিক্ত অর্থও নির্দিষ্ট খাতে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এর আওতায় সরাসরি বিদেশি বিনিয়োগ, বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল এবং উন্মুক্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে।

প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সাপেক্ষে এসব অর্থ বাংলাদেশি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

একই দিনে পৃথক আরেকটি নির্দেশনায় এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে আসা রেমিট্যান্স বৈদেশিক মুদ্রায় জমা রাখার সুযোগও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, এসব রেমিট্যান্স প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা করা যাবে।

তবে এ ধরনের লেনদেনে গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি), অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত (এএমএল/সিএফটি) নিয়ম এবং বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা ও প্রতিবেদন দাখিলের শর্ত মানতে হবে।