১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১২ মে থেকে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়েছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে। একইসঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহারে সংযম রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঈদ মৌসুমে ক্রেতাদের চাপ ও কেনাকাটার সুবিধা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সরকার দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।