ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ কমবে

দেশের ব্যাংকিং খাতের দুর্বলতা কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী চার বছরে সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলমান সংস্কার কার্যক্রমের ফলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর সম্পদের মান যাচাইয়ের (অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা এ কিউ আর) কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে ব্যাংকগুলোর দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাত নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে জনসাধারণকে আশ্বস্ত করতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, এ কিউ আরের কারণে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা গত দুই বছরের কার্যক্রমের ফল নয়। বরং দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত অনিয়ম ও দুর্বলতার প্রকৃত চিত্র এতে উঠে এসেছে। ব্যাংক খাতের টেকসই সংস্কারের জন্য প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণকে অপরিহার্য পূর্বশর্ত হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক।
তারল্যসংকটে থাকা ব্যাংকগুলোর কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর উদ্দেশ্য আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা।
একই সঙ্গে এসব ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব উদ্যোগের মাধ্যমে ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়মের পুনরাবৃত্তি ঠেকানো এবং আমানতকারী ও সাধারণ মানুষের আস্থা বাড়ানোর চেষ্টা চলছে।
ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে আলাদা আলাদা পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনার আওতায় প্রয়োজন অনুযায়ী ব্যাংকগুলোর মূলধন বাড়ানো, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করে, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী হবে। পাশাপাশি ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে একই ধরনের সংকটের পুনরাবৃত্তি ঠেকানোর সক্ষমতা তৈরি হবে।
দীর্ঘ মেয়াদে ব্যাংকিং খাতকে আরও সক্ষম ও ঝুঁকি মোকাবিলায় উপযোগী করে তুলতে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি খেলাপি ঋণ আদায়, ঋণ বিতরণে শৃঙ্খলা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে জরুরি সহায়তা ব্যবস্থাগুলোও পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, আগামী চার বছরে সংস্কার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা গেলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি ও সুশাসনের বিকল্প নেই। এ ক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রম সচল রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার।
জনসাধারণকে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের আহ্বানও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

