logo
Advertisement

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

এশিয়া পোস্ট নিউজ
২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ‘উল্লম্ফন’ অব্যাহত রয়েছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)।

Advertisement

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

২৮ মে দেশে কোরবানির ঈদ উদ্‌যাপিত হওয়ার আগ পর্যন্ত রেমিট্যান্সের এই ‘উল্লম্ফন’ অব্যাহত থাকবে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের এই নির্বাহী পরিচালক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা, ব্যাংকিং চ্যানেলের সেবার উন্নয়ন ও হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান রেমিট্যান্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ঈদুল আজহাকে কেন্দ্র করে মে মাসের বাকি সময়েও রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।

এ ছাড়া ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রতিবারই দুই ঈদের পর রেমিট্যান্স প্রবাহ কমে যায়। এবার কমেনি। রোজার ঈদের পরের মাস এপ্রিলেও ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

গেল মার্চ মাসে ৩ দশমিক ৭৫ বিলিয়ন (৩৭৫ কোটি ৫১ লাখ) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। একক মাসের হিসাবে যা সর্বোচ্চ। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই এক মাসে এত রেমিট্যান্স দেশে আসেনি।