ফের বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ

দাম কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাজুস ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করে, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার দুপুর সোয়া ১২টা থেকেই এটি কার্যকর হবে।
এদিকে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গতকাল (বৃহস্পতিবার) দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ১২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে । যেখানে ৯ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩ দফা।