বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

বিদ্যুৎ বিভাগের অনুরোধে সাড়া দিয়ে আবাসিকে শূন্য থেকে ৫০ ও শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো বুধবার বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত আবাসিক লাইফ লাইন (০ থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (০ থেকে ৭৫ ইউনিট) পুনর্নির্ধারিত মূল্যহার পুনর্বিবেচনার জন্য আবেদন করে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ বিতরণ (খুচরা) ট্যারিফ প্রবিধানমালা, ২০১৬ এর প্রবিধান ১৩(৩) অনুসারে আবাসিক লাইফ লাইন (০ থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (০ থেকে ৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হলো।
ফলে সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির আবাসিক গ্রাহক-শ্রেণির লাইফ লাইন (০ থেকে ৫০ ইউনিট) এর এনার্জি রেট বা চার্জ প্রতি কিলোওয়াট ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের (০ থেকে ৭৫ ইউনিট) এনার্জি রেট বা চার্জ ৫ টাকা ২৬ পয়সা জুন, ২০২৬ থেকে বহাল থাকবে।
তবে বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের বিষয়ে বুধবার জারি করা বিইআরসির অন্যান্য আদেশ অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন দাম পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার এক দিন পর বৃহস্পতিবার (৪ জুন) তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আবেদন করে পিডিবি।
অনুরোধের বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, পিডিবির পক্ষ থেকে এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়েছে কমিশন। প্রস্তাবটি যেহেতু গ্রাহকদের স্বার্থে এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।
এরপর বৃহস্পতিবার বিকেল ৫টার পর বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
