রোজার আগে ভোজ্যতেলের দাম ১৪ টাকা বাড়ানোর পাঁয়তারা

দেশের বাজারে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আমদানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে লিটারে ১৪ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ নিয়ে গতকাল সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতিনিধিরা। তবে বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তেলের উৎপাদন খরচসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ থেকে বাড়িয়ে ২১৮ টাকা, পাঁচ লিটারের বোতল ১ হাজার থেকে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেল লিটারে ১৮৫ থেকে ১৯৯ টাকা করার কথা বলা হয়েছে।
এর আগে গত অক্টোবরে একই হারে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে সরকার তা নাকচ করে দেয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়।
ব্যবসায়ীদের দাবি, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলার হয়েছে।
তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৭ লাখ ৫ হাজার টন। অর্থাৎ আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।
বাণিজ্যমন্ত্রী বৈঠকে বলেন, সামনে রমজান এবং ইরান যুদ্ধের কারণে মানুষের জীবনযাত্রায় চাপ রয়েছে। এ অবস্থায় তেলের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তি ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। ব্যবসায়ীদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


