logo

আবারও দাম বেড়ে দেশে স্বর্ণের নতুন রেকর্ড

আবারও দাম বেড়ে দেশে স্বর্ণের নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে এক লাফে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা; যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

রোববার (২৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর সোমবার (২৬ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল সংগঠনটি। ওই দিন দুপুরে ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা; যা ছিল দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।