জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, তিন কর মেয়াদ শেষ হওয়ার পর রিটার্ন দাখিলের সুযোগ তৈরি হয়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের ভ্যাট রিটার্ন এখনো দাখিল করেনি। এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৩)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।
এনবিআরের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান এখনও জুলাই ও আগস্ট কর মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিল করেনি, তারা আগামী ১৫ অক্টোবরের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে। নির্ধারিত এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা আরোপ করা হবে না।
আদেশে আরও বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর, এই তিন কর মেয়াদের ভ্যাট রিটার্ন সিস্টেমে দাখিল করতে হবে।