logo

৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও দুই জাহাজ

৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও দুই জাহাজ

চীন ও ভারত থেকে আমদানি করা মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে আরও দুটি জাহাজ। নতুন এই চালান দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২ মে) জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানিকৃত এই জ্বালানি দিয়ে দেশের বর্তমান দৈনিক গড় চাহিদা প্রায় ১২ হাজার ৫০০ টন অনুযায়ী প্রায় চার দিনের জ্বালানি প্রয়োজন মেটানো সম্ভব হবে।

শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লিলা কিংস্টন ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আজ শনিবার ভোরে পানামার পতাকাবাহী প্রাইভেট সোলানা ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া অ্যাংকরেজে নোঙর করে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, বর্তমানে ডলফিন জেটিতে দুটি জাহাজ অবস্থান করছে এবং বহির্নোঙরে অপেক্ষায় রয়েছে আরও দুটি। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং কার্যক্রম চলমান আছে। নতুন দুটি জাহাজ যুক্ত হওয়ায় বন্দরে এখন জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এপ্রিলে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছে। চলতি মে মাসেও ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।