বিদেশে পড়াশোনার খরচ ব্যাংকের কার্ড দিয়েই পরিশোধ করা যাবে

বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনে শিক্ষা সংক্রান্ত ব্যয় পরিশোধে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট কিংবা প্রিপেইড কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষার্থীদের বিদেশে শিক্ষা-সংক্রান্ত ফি ও ব্যয় পরিশোধের জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আন্তর্জাতিক ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে।
এতে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি-সংক্রান্ত প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষা ব্যয় পরিশোধের বাড়তি চাহিদার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে এসব কার্ড ইস্যু করা যাবে। কার্ডের মাধ্যমে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি এবং অন্যান্য অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ, এ ধরনের পরিশোধ বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় গণনা করা হবে না।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, কার্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ন্ত্রক বিধিবিধান ও আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে। এডি ব্যাংকগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে শুধু অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত পরিশোধেই কার্ড ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
এ ছাড়া লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের তথ্য প্রতিবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
.png)


