টানা তিনবার বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি সোনা) দাম বাড়ায় নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৬২৭ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৩ টাকায়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। প্রচলিত হিসাবে এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০ হাজার ৩০০ টাকা। ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৩৯০ টাকা। এতে এক ভরির দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৬৫০ টাকা। এ হিসাবে এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৬০০ টাকা। এক ভরি এই মানের স্বর্ণের দাম হবে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে। তবে ঘোষিত স্বর্ণের দামের সঙ্গে ভ্যাট আগে থেকেই অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত ভ্যাটসহ এ দাম কার্যকর থাকবে।
.png)


