বাংলা কিউআরে লেনদেনে নতুন সুবিধা চালু কেন্দ্রীয় ব্যাংকের

ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান ০ দশমিক ১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০ দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।
ব্যক্তিগত খুচরা হিসাবের (পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট) মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদাতাদের লেনদেনের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। একইভাবে বৈধ ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টের মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেনও এ প্রণোদনার আওতায় থাকবে।
প্রণোদনার অর্থ মাসিক ভিত্তিতে প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়াতে গত ১০ আগস্ট জারি করা আগের বিজ্ঞপ্তিতে থাকা সংশ্লিষ্ট বিধান প্রতিস্থাপন করে নতুন এই নিয়ম চালু করা হয়েছে।
তবে আগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
