বিদেশ ভ্রমণে আগের চেয়ে বেশি ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত বিদেশ ভ্রমণে খরচ করতে পারবেন। এত দিন এই সীমা ছিল ১২ হাজার ডলার।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত ১৮ হাজার ডলারের মধ্যে প্রতিবার ভ্রমণের সময় সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নেওয়া যাবে। বাকি অর্থ কার্ডের মাধ্যমে ব্যবহার করতে হবে।
বাংলাদেশি নাগরিকদের ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা সহজ করা এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। তারা প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ পর্যন্ত ব্যবহার করতে পারবে। নতুন এই সীমা ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে।
অর্থাৎ, প্রতি বছরের শুরুতে একজন বাংলাদেশি নাগরিকের বিদেশ ভ্রমণের জন্য নির্ধারিত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা নতুন করে কার্যকর হবে।



