Advertisement

এক মাসেই এলো ৩৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

এশিয়া পোস্ট নিউজ
এক মাসেই এলো ৩৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা হিসাবে) রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার।

এর আগে, চলতি বছরের জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলার। সে তুলনায় জুলাই মাসেও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) পুরো ১২ মাসে বৈধ চ্যানেলে দেশে এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার, যা ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানো সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।