logo

ফার্নেস অয়েলের দাম বাড়ল

ফার্নেস অয়েলের দাম বাড়ল

দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম আজ (রোববার) মধ্যরাত থেকে কার্যকর হবে।

দীর্ঘদিন ধরেই ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে আসছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গণশুনানির ভিত্তিতে বিইআরসির মাধ্যমে ফার্নেস অয়েলের দর ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ভোক্তাপর্যায়ে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করল বিইআরসি।

বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই দাম সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২২ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়, যা মার্চ মাসের প্ল্যাটস সূচকভিত্তিক গড় মূল্য এবং বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন মূল্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।