শর্তসাপেক্ষে চার ফাইন্যান্স কোম্পানি সময় পেল ৩ মাস

অকার্যকর অবস্থায় থাকা চারটি ফাইন্যান্স কোম্পানিকে পুনর্গঠন ও আমানত পরিশোধে শর্তসাপেক্ষে তিন মাসের সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১ জুলাই) এক বার্তায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো হলো, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
বার্তায় নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলোকে নিজ নিজ পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন জোগান ও প্রয়োজনীয় তারল্য সংস্থান করতে হবে। সেই সঙ্গে নিজস্ব সম্পদ ও সম্পত্তি বিক্রয়, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণগুলো পুনঃতফসিল বা সেটেলমেন্টের মাধ্যমে শ্রেণীকৃত ঋণের হার সুনির্দিষ্ট মাত্রায় নামিয়ে এনে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের আমানত দায় পরিশোধ নিশ্চিত করতে হবে।
বার্তায় আরও বলা হয়, ফাইন্যান্স কোম্পানি যদি প্রদত্ত শর্তগুলোর যেকোনো এক বা একাধিক শর্ত নির্ধারিত তিন মাস সময়সীমার মধ্যে পূরণে ব্যর্থ হয়, তবে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর বিধান অনুসারে অবিলম্বে প্রয়োজনীয় রেজল্যুশন কার্যক্রম শুরু করা হবে।




